অপটিক্যাল রিমোট সেনসিং স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

২৩ আগষ্ট, ২০২০ ১৫:৩৩  
নতুন একটি অপটিক্যাল রিমোট সেনসিং স্যাটেলাইট উৎক্ষেপণে সফলতা পেয়েছে চীন। রোববার স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। গাওফেন ৯০৫ নামের এই স্যাটেলাইটটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৩৪৩তম মিশন, যা লং মার্চ-২ডি রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। একাডেমি অব মিলিটারি সায়েন্স উদ্ভাবিত বহুমুখী টেস্ট স্যাটেলাইটটি কক্ষপথে যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেনসিং টেকনোলজি পরীক্ষা ও যাচাই করবে। আর জাহাজ, এয়ারক্রাফট, বয়া এবং ইন্টারনেটের জন্য ডাটা সংগ্রহ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি উদ্ভাবিত তিয়ানতু-৫। প্রধানত ভূমি জরিপ, নগর-পরিকল্পনা,ভূমি অধিকার নিশ্চিতকরণ, সড়ক নেটওয়ার্কের নকশা, শস্য উৎপাদন পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধের কাজে ব্যবহার করা হবে অপটিক্যাল সেন্সিং রিমোট স্যাটেলাইটটি। এটি অবশ্য বেল্ট অ্যান্ড রোড কনস্ট্রাকশনের তথ্যও সরবরাহ করবে। এছাড়াও একটি বহুমুখী পরীক্ষণ স্যাটেলাইট এবং তিয়ানতু-৫ নামে অপর একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে।